আজকাল ওয়েবডেস্ক: উত্তাল, অগ্নিগর্ভ পরিস্থিতি শেষ হয়ে, আগের তুলনায় কিছুটা শান্ত হয়েছে মণিপুর। আর কয়েকঘণ্টা পর, মণিপুরে শপথ নেবেন সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। ঠিক তার আগে, প্রায় বছরভর ধরে চলে আসা রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটল।
বুধবার, মণিপুরে শপথ নিতে চলেছেন ইউমনাম খেমচাঁদ সিং। সন্ধে ছ'টা নাগাদ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্য বিজেপি সূত্রে তথ্য, বুধবার সন্ধে ৬টায় মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এনডিএ আইনসভা দলের নেতা ওয়াই খেমচাঁদ সিং। শপথগ্রহণ অনুষ্ঠানটি লোকভবনে অনুষ্ঠিত হবে।
ঠিক তার কয়েকঘণ্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রক তাৎক্ষণিকভাবে মণিপুরে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের নোটিস জারি করেছে।
এর আগে, মঙ্গলবার মণিপুরে ভারতীয় জনতা পার্টির আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন ৬২ বছর বয়সী ইউমনাম খেমচাঁদ সিং। ফলে জাতিগত সংঘাতে ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্ব রাজ্যে নির্বাচিত সরকার পুনর্বহালের রাস্তা সুপ্রশস্ত এবং সহজ হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাংপোকপির কুকি-জো বিধায়ক নেমচা কিপগেন সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর পদে বসছেন। তা হলে, তিনিই হবেন প্রথম মহিলা এবং প্রথম কুকি-জো যিনি মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী পদে বসবেন। সূত্রের খবর, দু'জন উপমুখ্যমন্ত্রী থাকবে মণিপুরের। বিজেপির জোটের অংশীদার নাগা পিপলস ফ্রন্ট থেকে অপর উপ-মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে বলেই খবর সূত্রের।