যোগী রাজ্যে হাসপাতাল থেকে ঝাঁপ রোগীর, প্রশ্নে নিরাপত্তা
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
লখনউ, ৪ ফেব্রুয়ারি: যক্ষ্মা ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিন দশেক আগে। ক্রমশ সুস্থও হয়ে উঠছিলেন। হঠাত্ হাসপাতালের দ্বিতীয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।শহরের সার্কেল অফিসার পঙ্কজ পান্থ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর পরিবার তাঁকে শাহজাহানপুরের মেডিকেল কলেজে নিয়ে আসেন। গত ১১ দিন ধরে এই হাসপাতালেরই যক্ষ্মা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ওই যুবক। কিন্তু হঠাত্ মঙ্গলবার মধ্যরাতে পরিবারের সদস্যদের এবং হাসপাতাল কতৃপক্ষের নজর এড়িয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে যান। এবং হাসপাতালের দ্বিতীয়তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কেন এভাবে সে আত্মঘাতী হলেন সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে।