কলকাতা, ৪ এপ্রিল: শীতের আমেজ ক্রমশ ফিকে হচ্ছে দক্ষিণঙ্গে। আজ কিছুটা বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আগামীদিনেও পারদের উঠানামা জারি থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে সবথেকে বেশি সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা। আজ সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েক দিন ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। বৃহস্পতি এবং শুক্রবার কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে থাকার সম্ভবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কুয়াশা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী চার পাঁচ দিন। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভবনা। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।