• হাসপাতালে বেড-এ শুয়ে রয়েছে সারমেয়, হুগলির হাসপাতালের ঘটনায় শোরগোল
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • রোগীর জায়গায় হাসপাতালে বেড-এ শুয়ে রয়েছে সারমেয়। হুগলির গৌরহাটি ESI হাসপাতালের এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিষয়টি নিয়ে শোরগোল জেলায়। যদিও অভিযোগ সঠিক হলে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার সোমনাথ পান্ডে।

    সম্প্রতি একটি ভিডিয়ো (যাচাই করেনি এই সময় অনলাইন) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম। সেখানে দেখা গিয়েছে হুগলির গৌরহাটি ESI হাসপাতালের একটি বেড-এ শুয়ে রয়েছে একটি সারমেয়। আশেপাশে রয়েছেন রোগীরাও। হাসপাতালের বেহাল দশা নিয়ে তৎক্ষণাৎ সমাজমাধ্যমে সরব হয়েছে বিজেপি। উল্লেখ্য, ESI হাসপাতাল কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের অধীনে হলে এই হাসপাতালের স্বাস্থ্য সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দেখভালের দায়িত্ব জেলা স্বাস্থ্য বিভাগের বলেই খবর।

    তবে ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল সুপার সোমনাথ পান্ডে বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত। এমন ঘটনা ঘটা উচিত নয়। কার গাফিলতি আছে সেটা দেখা হচ্ছে। কারও গাফিলতি থাকলে তাঁকে শোকজ় করা হবে। এই ভিডিয়ো আমিও দেখেছি।’

    বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, ‘এটা স্বাভাবিক দৃশ্য। মানুষের বিছানায় কুকুর। কয়েকদিন আগে দেখা গিয়েছে। এক শিশুর মাথা নিয়ে গিয়েছে কুকুর। অবাধ যাতায়াত। এরকম অনেক জায়গাতেই হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ রাজ্য আরও অনেক ছবি দেখেছে। কুকুরের ডায়ালিসিস যখন মানুষের হাসপাতালে হয়, সেটাও দেখা গিয়েছে।’ পাল্টা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘এটা আমার জানা নেই। খবর নেব। এমন ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করব।’

  • Link to this news (এই সময়)