• বন্দে ভারত স্লিপারে আমিষ চালু, মাছ না থাকায় বিতর্ক
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুরুর দিন থেকেই খাবার নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের সাধারণ যাত্রীদের একটি বড় অংশ প্রশ্ন তুলেছে, কেন তাঁদের নিরামিষ খেতে কার্যত বাধ্য করা হবে? কেন মিলবে না আমিষ পদ? বিতর্ক বাড়তেই রেলমন্ত্রক জানিয়েছিল যে, বন্দে ভারত স্লিপার ট্রেনেও আমিষ খাবার পাওয়া যাবে। বুধবার আইআরসিটিসির (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন) পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে আমিষ পদ চালু করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র চিকেনের পদই মিলবে। থাকবে না মাছ।প্রসঙ্গত, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালুর দিন থেকেই রেল বোর্ড দাবি করে আসছে যে, হাওড়া থেকে কামাখ্যা—আপ-ডাউন এই সেমি হাইস্পিড ট্রেনে সম্পূর্ণ স্থানীয় খাবারের স্বাদ পাবেন রেল যাত্রীরা। অর্থাৎ, যথাক্রমে বাঙালি এবং অসমীয়া খাবার। বাঙালি আমিষ পদের মধ্যে মাছ অন্যতম প্রধান একটি মেনু। অথচ বিতর্কের জেরে ট্রেনে আমিষ পদ চালু হলেও মাছে ভাতে বাঙালির ডিশ থেকে মাছের মেনুই বাদ রেখে দেওয়া হল। স্বাভাবিকভাবেই এ নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। এব্যাপারে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি রেলমন্ত্রক। রেলের এক আধিকারিক জানিয়েছেন যে, চিকেনের পদ তৈরি হবে যথাক্রমে বাঙালি এবং অসমীয়া স্টাইলেই। অর্থাৎ, হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বাঙালিয়ানায় ভরপুর মুরগির মাংসের ঝোলই উপভোগ করতে পারবেন। বাঙালি স্টাইলে সেই মুরগির মাংসের ঝোলে থাকবে একটি আলুও!একটি অংশের মতে, সাধারণত দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনে আমিষ পদ বলতে চিকেনের মেনুই বোঝানো হয়। মাছের চল সেভাবে নেই। তবে রেল যাত্রীদের একাংশের দাবি, সরাসরি মাছের ঝোল-ভাত না থাকলেও বহু প্রিমিয়াম ট্রেনের মেনুতেই ফিশ চপ কিংবা ফিশ কাটলেট তালিকাভুক্ত রয়েছে। বন্দে ভারত স্লিপার ট্রেনে আমিষ পদে অন্তত সেই বিকল্পই রাখাই যেত। যদিও নিরামিষ এবং আমিষ দু’টো চালু হলেও অন্তত বুধবার রাত পর্যন্ত আইআরসিটিসির ওয়েবসাইটে ট্রেনের টিকিট বুকিং করার সময় বিকল্প বাছাই করা যাচ্ছে না। কারণ ‘ফুড অপশন’ই নেই। রেল সূত্রের দাবি, ‘অন বোর্ড’ রেল কর্মীরাই খাবার পরিবেশনের আগে সাধারণ যাত্রীদের কাছ থেকে তাঁদের পছন্দ জেনে নেবেন।
  • Link to this news (বর্তমান)