নয়াদিল্লি: জমজমাট আড্ডা থেকে দীর্ঘ ট্রেন জার্নি, কিংবা নেহাতই অবসর যাপন। এই মুহূর্তে যুব সমাজের অন্যতম পছন্দের গেম উনো। বহুল প্রচলিত সেই খেলাকেই এবার নিষিদ্ধ করল দিল্লির একটি কলেজ। রাজধানীর ভারতী বিদ্যাপীঠ কলেজ অব ইঞ্জিনিয়ারিং কলেজের নোটিস সমাজমাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব অনেকেই। ভাইরাল ওই নোটিসে বলা হয়েছে, ‘কলেজ ক্যাম্পাসের মধ্যে উনো সহ যে কোনও ধরনের কার্ড খেলা নিষিদ্ধ। কোনও পড়ুয়াকে যদি উনো খেলতে দেখা যায় তবে তার অভিভাবককে ডেকে পাঠানো হবে। হবে জরিমানাও।’ সমাজমাধ্যমে সেই নোটিস ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন যুবসমাজের একাংশ।