উত্তরাখণ্ডে দু’দিনে চিতাবাঘের হানায় শিশু ও বৃদ্ধার মৃত্যু
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
রুদ্রপ্রয়াগ: উত্তরাখণ্ডের গ্রামে চিতাবাঘের হানা। গত দু’দিনে রুদ্রপ্রয়াগ ও নৈনিতাল জেলায় চিতাবাঘের আক্রমণে প্রাণ গেল এক শিশু ও বৃদ্ধার। রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গলঘেঁষা সিন্দ্রাবানি গ্রাম। মঙ্গলবার বিকেল পাঁচটায় বাড়ির পাশে খেলছিল পাঁচ বছরের দক্ষ বিস্তা। সেই সময় একটি চিতাবাঘ তাকে তুলে নিয়ে যায়। রুপ্রয়াগের এসডিএম সোহন সিং সাইনির নেতৃত্বে সাতটি উদ্ধারকারী টিম শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে। রাত ১১টা নাগাদ জঙ্গল থেকে শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই এলাকার ৮টি স্কুলে দু’দিনের ছুটি ঘোষণা করে প্রশাসন। অপরদিকে নৈনিতালের ভীমতাল এলাকায় গঙ্গা দেবী নামে এক বৃদ্ধা কাঠ আনতে গিয়েছিলেন। তখন তাঁকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে জঙ্গল থেকে তাঁর খোবলানো দেহ উদ্ধার হয়।