সংবাদদাতা, বনগাঁ: ভোট সামনেই, তবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তা বলে বসে নেই রাজনৈতিক দলগুলি। নিজেদের মতো করে সংগঠনকে সাজিয়ে তুলছে তারা। এরই অঙ্গ হিসেবে বুধবার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে শুরু হলো দেওয়াল লিখন। বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষের নেতৃত্বে এবং মণ্ডল কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়াল লিখনের কাজ শুরু হয়। বনগাঁ শহরে বেশ কয়েকটি দেওয়ালে দলীয় প্রতীক এবং বিজেপিকে ভোট দেওয়ার আবেদন লেখা হয়। বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে। দেওয়াল লিখনের মধ্য দিয়ে তৃণমূলকে উৎখাত করার প্রক্রিয়া শুরু হলো। আগামীতে এই কর্মসূচি চলবে।যদিও বিজেপির এই দেওয়াল লিখন কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি দেওয়ালেই থাকবে। তৃণমূল মানুষের হৃদয়ে আছে। আগামীতেও থাকবে। বিজেপি দেশের সংবিধানও মানে না। অন্যের দেওয়াল লিখনের জন্য মালিকের কাছ থেকে অনুমতি নিতে হয়। ওরা অনুমতির পরোয়া করে না। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল সৈনিকরা বাড়ি বাড়ি যাচ্ছেন। মানুষের পাশে থাকছেন। তবে নির্বাচন ঘোষণা হলেই নিয়ম মেনে দেওয়াল লিখনের কাজ শুরু হবে বলে জানান তিনি।-নিজস্ব চিত্র