নিজস্ব প্রতিনিধি, বারাসত: চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যেই সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি গ্রামে বিদ্যাধরী খালের উপর থাকা কংক্রিটের সেতু ভেঙে পড়ল। বুধবার দুপুর ১২টা নাগাদ খালের জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বেহাল থাকা সেতুটি ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে বয়ারমারি ১ পঞ্চায়েত এলাকায় বিদ্যাধরী খালের উপর কংক্রিটের ব্রিজটি তৈরি হয়। ৬ ফুট চওড়া, ৩০ ফুট লম্বা কংক্রিটের সেতুটি বহু বছর ধরে সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজ হয়নি। অবশেষে দুর্বল কাঠামোর উপর অতিরিক্ত জলের চাপ পড়ায় দুর্ঘটনা ঘটে। আর এই সেতু ভেঙে পড়ার ফলে ঢেকনামারি, বয়ারমারি ১ ও ২ পঞ্চায়েতের প্রায় ১০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু মাধ্যমিক পরীক্ষার্থী এই সেতু ব্যবহার করে প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করত। তাই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক পড়ুয়াকে দীর্ঘ পথ ঘুরে কিংবা নৌকার মাধ্যমে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে। এছাড়া সেতুর উপর দিয়েই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয়। হঠাৎ সেতু ভেঙে পড়ায় জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত। তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য ব্যবস্থা নেব। মহকুমা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অন্যদিকে, সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন, বাম আমলে সেতুটি নির্মিত হলেও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক হয়ে উঠেছিল। বারবার সংস্কারের দাবি জানানো সত্ত্বেও তা হয়নি। তার জেরেই এই দুর্ঘটনা।-নিজস্ব চিত্র