• পাটুলির ফ্ল্যাট থেকে চুরি লক্ষাধিক টাকা, ধৃত ১
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলিতে ফাঁকা ফ্ল্যাট থেকে চুরি গেল লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ। ঘটনায় জড়িত সন্দেহে রাজু হালদার নামে একজনকে মঙ্গলবার পাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা। তাকে জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা হচ্ছে। জানা গিয়েছে, চুরির ঘটনাটি ঘটে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। পাটুলির একটি আবাসনের ফ্ল্যাটে এক মহিলা থাকেন। বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে সকালে ফ্ল্যাট তালা বন্ধ করে বেরিয়ে যান। রাতে ফিরে এসে দেখেন ফ্ল্যাটের তালা ভাঙা। ঘরের ভিতর আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা ও সোনার অলঙ্কার নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সোনা ও নগদ মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় দু’লক্ষ টাকা। এরপর তিনি অভিযোগ করেন পাটুলি থানায়। তদন্তে নেমে পুলিশ এলাকায় সিসি ক্যামেরা দেখে একজনকে চিহ্নিত করে। জানা যায়, তাঁর নাম রাজু হালদার। তাঁর বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। মঙ্গলবার রাতে এলাকায় ফিরতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়।অভিযুক্তের হয়ে লিগ্যাল এডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, রাজুর কাছ থেকে কিছুই উদ্ধার হয়নি। তিনি যে এই ঘটনায় জড়িত, তার প্রমাণও নেই। সরকারি আইনজীবী বিকাশ দাস বলেন, অভিযুক্ত ওই ফ্ল্যাট থেকে চুরি করেছে তার তথ্যপ্রমাণ মেলার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সওয়াল শেষে তাঁকে পুলিশি হেফাজতে পাঠায় আদালত।
  • Link to this news (বর্তমান)