মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার, DA সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানো নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর সেই কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি। এই কমিটিই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে DA দেওয়ার বিষয়টি স্থির করবে। পাশাপাশি রায়ে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ৩১ মার্চের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে ফেলতে হবে রাজ্যকে।
আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) ১৫-মের মধ্যে সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে। এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সূত্রের খবর, এই DA মেটাতে গেলে রাজ্যকে ১০ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে।
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) হয়ে এই মামলার রায় গিয়েছিল হাইকোর্টের।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গিয়েছিল সরকার কর্মীদের পক্ষে। গত ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেই মামলার দায় দিল সুপ্রিম কোর্ট।
গত বছরের ৮ সেপ্টেম্বর DA মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে DA পান। অন্য দিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা DA পান ৫৮ শতাংশ হারে। অর্থাৎ তফাতটা ৪০ শতাংশ। উল্লেখ্য, গত বছরের ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, আগামী ৪ সপ্তাহের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে ২৭ জুন। কিন্তু রাজ্য আরও ৬ মাস সময় চেয়ে আদালতে গিয়েছিল।