• ২৫ শতাংশ ডিএ দিতে হবে: সুপ্রিম কোর্ট
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের ডিএ মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্টে। শুরুতেই বিরাট রায় দিল সর্বোচ্চ আদালত।‌ সরকারি কর্মীদের এখনই ২৫ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ডিএ দিয়ে দিতে হবে বলেও জানিয়েছে আদালত। 

    দীর্ঘদিনধরেই রাজ্যের ডিএ মামলার শুনানি চলছে। শুনানি চলাকালীন আগেও রাজ্যকে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা জানিয়েছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ শুরুতেই রায় দিল, আগামী ৩১ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে। 

    সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ সরকারি কর্মীদের দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আগামী ১৫ মে-এর মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

    প্রায় এক দশক ধরে বকেয়া ডিএ নিয়ে লড়াই করছেন সরকারি কর্মীরা। মামলার শুনানি চলছিল এতদিন। রায়দানের অপেক্ষায় প্রহর গুনছিলেন সরকারি কর্মীরা। ২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয়, শুনানির দিন থেকে আগামী ছ'সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। অবশেষে চলতি বছর ফেব্রুয়ারির শুরুতেই সুপ্রিম কোর্ট রায় দিল, আগামী মাসের মধ্যেই বকেয়া ডিএ দিয়ে দিতে হবে‌। 

    বকেয়া ডিএ মেটানো নিয়ে যে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি। রাজ্য সরকারের সঙ্গে এই কমিটি আলোচনা করবে। বকেয়া কত কিস্তিতে দেওয়া হবে সেটি কমিটি সিদ্ধান্ত নেবে। 

    গত ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত বছরের ৮ সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ ডিএ পান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পান। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ দেওয়ার তফাৎ ছিল ৪০ শতাংশ। বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে‌। এদিনের বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা হতে পারে।
  • Link to this news (আজকাল)