বকেয়া DA মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে, রাজ্যকে দিতে হবে ১০ হাজার ৪০০ কোটি টাকা
আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে, এই দাবি তুলে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শেষপর্যন্ত DA মামলার রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। রাজ্য সরকারকে অবিলম্বে মেটাতে হবে বকেয়া DA, বৃহস্পতিবার এই রায় দেয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ, এখনই দিতে হবে ২৫ শতাংশ DA। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে DA দেওয়ার বিষয়টি স্থির করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। সেই কমিটিতে থাকবেন আরও দুই বিচারপতি। সর্বোচ্চ আদালতের নির্দেশ, এরিয়ারও দিতে হবে রাজ্য সরকারকে।
৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ
শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মার্চ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। শুধু তা নয়, মে মাসের মধ্যে বকেয়া ডিএ-র সবটা মিটিয়ে দিতে হবে। সন্দেহ নেই এই সর্বোচ্চ আদালতের এই রায় ঐতিহাসিক। কারণ, সর্বোচ্চ আদালত পরিষ্কার করে জানিয়েছে উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী (AICPI) ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার। তাই সেই অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না।
নতুন কমিটি গঠনের নির্দেশ
বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার, DA সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছে প্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানো নিয়ে যে কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি। এই কমিটিই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে DA দেওয়ার বিষয়টি স্থির করবে।
১০ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে
আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) ১৫-মের মধ্যে সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সূত্রের খবর, এই DA মেটাতে গেলে রাজ্যকে ১০ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গিয়েছিল সরকার কর্মীদের পক্ষে। গত ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেই মামলার দায় দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট এদিন রায়ে জানিয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে তা তিন মাসের মধ্যে মেটাতে হবে। সেটার ডিসবার্সমেন্ট আদালত গঠিত কমিটি শুধু স্থির করবে না তার বাস্তবায়ণের উপরও নজর রাখবে। সুপ্রিম কোর্টের এই রায় রাজ্য সরকার মেনে নেবে নাকি ভোটের মুখে রিভিউ পিটিশন দাখিল করার ঝুঁকি নেবে তা এখনও জানা যায়নি।