• ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি: পুরোনো রায়ই বহাল রইল দেশের শীর্ষ আদালতে। আজ, বৃহস্পতিবার ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তাতে আদালত জানিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। ৬ মার্চ দিতে হবে প্রথম কিস্তি এবং ৩১ মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তি। রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সকাল সাড়ে ১০টা থেকে রায়দান পর্ব শুরু হয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এরপরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আগামী ৩১ মার্চের মধ্যেই বকেয়া ২৫ শতাংশ ডিএ রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, নির্দেশ অনুযায়ী এই ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় ১০ হাজার ৪০০ কোটি টাকা।  পাশাপাশি আদালতের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, আগামী ১৫মে-এর মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে শীর্ষ আদালতে রিপোর্টও জমা দিতে হবে। এর জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। মনে করা হচ্ছে, ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার পর যে ৭৫ শতাংশ ডিএ বকেয়া থাকবে সেগুলি কবে এবং এবং কটি কিস্তিতে দেওয়া যেতে পারে সেই বিষয়েও মতামত দেবে এই কমিটি। 
  • Link to this news (বর্তমান)