শীত বিদায়ের আগে ঠান্ডার শেষ কামড়ের সম্ভাবনা, ফের পারদ পতনের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলায় সেভাবে পড়বে না। তার ফলে উত্তুরে হাওয়ার দাপট কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। ফলে ফের সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আরও একবার কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন পারদ নামার সম্ভাবনা রয়েছে। কলকাতায় রাতে ও সকালে শীতের অনুভূতি বজায় থাকবে। আগামীকাল থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হওয়ার পূর্বাভাসও মিলেছে।শীতের আমেজ বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে।আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। তবে বেলা বাড়লেই তাপমাত্রাও বাড়বে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে।ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এই তিন জেলার কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নিচের দিকের জেলাতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে।