এবার বাংলা ছবিতে একসঙ্গে অনুপম খের এবং আবির চট্টোপাধ্যায়? জবাব দিলেন প্রযোজক ফিরদৌসুল হাসান
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শুধুই ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নন, টলিপাড়ার প্রথম সারির প্রযোজকদের মধ্যে অন্যতম ফিরদৌসুল হাসান। বহু বছর ধরেই তাঁর প্রযোজনায় বাংলা ইন্ডাস্ট্রি তথা দর্শক পেয়েছে রুচিসম্মত সব ছবি, যা দর্শককে আনন্দ দেওয়ার পাশাপাশি ভাবিয়েছে। ছবি শেষ হওয়ার পরেও ছড়িয়ে দিতে পেরেছে চিন্তার অনুরণন। গত বছরের পুজোতেই মুক্তি পেয়েছিল ফিরদৌসুল হাসান প্রযোজিত ছবি 'যত কাণ্ড কাকলকাতাতেই'। তারপর এই বছর তাঁর প্রযোজনায় মুক্তির অপেক্ষায় তিন তিনটে বাংলা ছবি ‘কর্পূর’, ‘শেকড়’ এবং ‘উইঙ্কল টুইঙ্কল’ -যেসব ছবির পরিচালক যথাক্রমে অরিন্দম শীল, ব্রতী বসু এবং সৃজিত মুখোপাধ্যায়। আর এহেন ব্যস্ততার ফাঁকেও মুম্বই গিয়ে অনুপম খেরের সঙ্গে একাধিক বৈঠক সেরে ফেলেছেন ফিরদৌসুল। আর সেসবের ছবি সদ্য তিনি পোস্ট করেছেন সমাজমাধ্যমেও।
কীসের জন্য এই বৈঠক? শুধুই আড্ডা না কি নেপথ্যে রয়েছে ছবি বানানোর চিন্তা? জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। ফোনের অন্য প্রান্ত থেকে এই প্রতিবেদককে ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার বললেন, "অনুপম খেরের সঙ্গে আমার যোগাযোগ অনেকদিন ধরেই রয়েছে। ম্যাহেমধ্যেই দেখা-আড্ডা হয়। সম্প্রতি মুম্বই গিয়েছিলাম। সেখানেই একসঙ্গে বসেছিলাম আমরা। দেখুন, পরিষ্কার করে বলেই দিচ্ছি - বাংলা ছবি তৈরি করব অনুপমজি-কে নিয়ে! সেই নিয়েই প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে আমাদের। উনি খুবই আগ্রহী। এর আগেও তো উনি বাংলা ছবিতে এমন অভিনয় করেছেন তেমন প্রযোজনাও করেছেন ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’।