• ভোটের মুখে বাড়ল লক্ষ্মীর ভান্ডার, বিরাট ঘোষণা বাজেটে
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাজেটে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ, জল্পনা ছিলই ভোটমুখী বাংলায়। জল্পনায় সিলমোহর। ভোটের মুখেই বাজেটে ঘোষণা, বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ। বৃহস্পতিবার বাজেটে ঘোষণা করা হয়, লক্ষ্মীর ভান্ডারে বাড়ল ৫০০টাকা। অর্থাৎ এই প্রকল্পের উপভোক্তারা প্রতিমাসে আরও ৫০০টাকা করে বেশি পাবেন। 

    একইসঙ্গে এদিন বাজেটে ঘোষণা করা হয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ১৫ হাজার কোটি টাকা। এর আগে, এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল ২৭হাজার কোটি টাকা। 

    লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে উল্লেখ্য, বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা এই প্রকল্পের আওতায় ১০০০ এবং তফশিলি, জনজাতির মহিলারা পান ১২০০টাকা। আরও ৫০০টাকা করে বেশি পাবেন তাঁরা প্রতিমাসে। 

    এই লক্ষ্মীর ভান্ডার এর আগেও বিরাট সুফল দিয়েছে মমতা সরকারকে। ২০২১-এ তৃণমূল সরকারের জয় এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা, রাজনৈতিক বিশ্লেষকরা এই দুটি বিষয়কে একসঙ্গে ব্যাখ্যা করে থাকে মমতা সরকারের মাস্টারস্ট্রোক হিসেবে। ফের ভোটের মুখে, লক্ষ্মীর ভান্ডারে জোর ভোটের মুখে, এই ঘোষণাকে বিরাট আকারে দেখছে রাজনৈতিক মহল।

     
  • Link to this news (আজকাল)