• বাংলার বাজেটে বড় চমক, 'যুবসাথী' প্রকল্প ঘোষণা
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এবারের রাজ্য বাজেটে বড় চমক 'বাংলার যুব সাথী'। রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের জন্য প্রকল্পের ঘোষণা করল মমতা ব্যানার্জির সরকার। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার। চলতি বছর ১৫ আগস্ট থেকেই চালু হবে 'বাংলার যুব সাথী' প্রকল্প।

    বাজেটে জানানো হয়েছে, 'বাংলার যুব সাথী' প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারী এই সুবিধা পাবেন। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। 

    আগামী অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 'বাংলার যুব সাথী' প্রকল্পের।    

    এছাড়াও এবারের বাজেটে এক হাজার টাকা করে ভাতা বেড়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের। পাশাপাশি বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দও। যে সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে তাঁরা প্রতি মাসে বাড়তি ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ, যাঁরা ১ হাজার টাকা করে ভাতা পান, তাঁরা এবার থেকে ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার। আর এসসি বা এসটি মহিলারা পাবেন ১ হাজার ৭০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার।

    রাজ্য সরকারের মেয়াদ চলতি বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত। ফলে এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 
  • Link to this news (আজকাল)