মেঘালয়ের হানিমুন হত্যার ছায়া এবার রাজস্থানে, পরিকল্পনা করে স্বামীকে হত্যা স্ত্রীর
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
রাজস্থান, ৫ ফেব্রুয়ারি: গত বছর মেঘালয়ের হানিমুন হত্যায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। ফের একইভাবে স্বামীকে হত্যার ছক সামনে এল রাজস্থানে। তিনমাস আগে বিয়ে হয়েছিল আশিস এবং অঞ্জুর। গত শুক্রবার রাতে তাঁরা হাটতে যান। এরপরেই তাঁদের দু-জনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আশিসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অচৈতন্য অবস্থায় পাওয়া যায় অঞ্জুকে। তিনি পুলিশকে বয়ান দেন, একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে এবং তারপর তাঁদের গায়ে থাকা সমস্ত গয়না লুট করে তাঁরা পালায়। কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে আসে মারাত্মক তথ্য। দেখা যায় অঞ্জুর দেওয়া তথ্যে রয়েছে বিস্তর অসঙ্গতি। পুলিশের টানা জেরায় অঞ্জু স্বীকার করে নেয় আশিস হত্যায় যুক্ত ছিল তাঁর প্রাক্তন প্রেমিক সঞ্জু। তদন্তে জানা গিয়েছে, অঞ্জু এবং তার প্রেমিক সঞ্জু আরও দু’জনের মাধ্যমে আশিসকে হত্যা করিয়েছিল। এরপর এই ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে চালানোরও চেষ্টা করেছিল। পুলিশ জানায়, আশিসের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, অঞ্জুর শরীরে কিন্তু কোনও আঘাতের চিহ্ন ছিল না। আর এতেই প্রাথমিকভাবে সন্দেহ তৈরি হয় পুলিসের।বিয়ের আগেই সঞ্জুর সঙ্গে সম্পর্ক ছিল অঞ্জুর। তিনমাস আগে তাঁর বিয়ে হয় আশিসের সঙ্গে। এই বিয়েতে রাজি ছিলেন না অঞ্জু। তাই প্রেমিকের সঙ্গে ছক কষে আশিসকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করে সে। প্ল্যান মাফিক গত শুক্রবার দু’জন সঙ্গীকে সঙ্গে নিয়ে আশিসকে প্রথমে হত্যা করা হয়। পরে সেটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে তারা। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পরে গেল অঞ্জু-সঞ্জু জুটি। আশিস খুনে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। এই ঘটনা ফের মনে করিয়ে দিল গত বছর মেঘালয়ে ঘটে যাওয়া রাজা সূর্যবংশী হত্যার ঘটনা। সেখানেও নতুন বিয়ে হওয়া স্ত্রী সোনাম প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করেছিল নিজের স্বামীকে।