• মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, মৃত্যু ১৬ শ্রমিকের
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • শিলং, ৫ ফেব্রুয়ারি: ভয়াবহ দুর্ঘটনা মেঘালয়ে। আজ, বৃহস্পতিবার মেঘালয়ের তাসখাই এলাকায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রত্যেকদিনের মতোই খনিতে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে গেল সেই চিত্র। কয়লাখনির ভেতরে হঠাৎই বিস্ফোরণ। যার জেরে সেখানে কর্মরত বহু শ্রমিক গুরুতরভাবে জখম হন। নিহতদের অধিকাংশই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পরই মেঘালয় পুলিশ উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল আসে। কীভাবে এই বিস্ফোরণটি ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এই খনিটি অবৈধভাবে চলছিল। এর আগে এনজিটি ২০১৪ সালে মেঘালয়ে পরিবেশগত ক্ষতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে বহু অবৈধ খনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে চলছিল কয়লা উত্তোলনের কাজ। 
  • Link to this news (বর্তমান)