• গোরু পাচারে এসে ধৃত দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, রঘুনাথগঞ্জ: সীমান্তে বিএসএফ–এর চোখকে ফাঁকি দিতে পদ্মা নদী সাঁতরে পার হয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছেন বাংলাদেশি পাচারকারীরা। মূলত গোরু পাচারের উদ্দেশে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা এ ভাবে ভারতে প্রবেশ করছেন। এমনই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা বাংলাদেশ থেকে পদ্মা পেরিয়ে সীমান্তবর্তী গ্রামে পৌঁছন, সেখান থেকে গোরু পাচারের পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান। বিএসএফকে ফাঁকি দিলেও, রাজ্য পুলিশের নজর এড়িয়ে যেতে পারেননি তাঁরা।

    পুলিশ জানায়, রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা ঘোষপাড়ার পাচার মোড় এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ৩৫ বছরের বাবু শেখ এবং ২৫ বছরের মহম্মদ সুমন। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীপুর গ্রামে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

    প্রসঙ্গত, জানুয়ারি মাসেও তিন জন বাংলাদেশি চোরাকারবারিকে গ্রেপ্তার করেছিল রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ।

  • Link to this news (এই সময়)