নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করল তৃণমূল। রাজ্যসভায় এনিয়ে প্রতিবাদ জানিয়ে পরে ওয়াকআউট করে তারা। বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে এব্যাপারে সরব হয় তৃণমূল। মোদি সরকারের উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল রাজ্যসভায় জানায়, এসআইআর করে রাজ্যে একজনও রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে বের করুক বিজেপি।এদিন রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর আলোচনায় অংশ নেন তৃণমূল সাংসদ দোলা সেন। রণংদেহী মেজাজে তৃণমূল সাংসদ বলেন, ‘দু’বছরের কাজ রাজ্যে দু’মাসে শেষ করা হচ্ছে। প্রায় ১১ কোটি মানুষের বাস এই রাজ্যে। অথচ ভোটের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে রাজ্যের প্রায় ১৫০ জন মানুষকে এসআইআর আতঙ্কে একপ্রকার মেরে ফেলা হয়েছে। মৃতদের মধ্যে বিএলওরাও আছেন। তাঁদের মৃত্যুর দায় কে নেবে? নোটবন্দির পর ভোটবন্দি করা হচ্ছে। সাধারণ মানুষকে হয়রান হতে হচ্ছে।’ তৃণমূল সাংসদের কটাক্ষ, ‘বিজেপি যতই রাজ্য সরকারকে হাতে এবং ভাতে মারার চেষ্টা করুক না কেন, আদতে তারা কিছুই করতে পারবে না।’ এদিন নিজের বক্তব্যের প্রায় পুরোটাই বাংলায় বলেন দোলা সেন। মোদি সরকারের বেসরকারিকরণ নীতি নিয়েও সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড, পেনশনের মতো বিষয়েও সোচ্চার হন দোলা।