স্কুলবাস ও পুলকারের জানালা থেকে নেট খুলে ফেলার নির্দেশ
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: স্কুলবাস ও পুলকারের জানালায় জাল বা নেট থাকলে দুর্ঘটনার সময় পড়ুয়াদের বের করতে অসুবিধা হয়। সেকারণে বাস মালিকদের জানালায় জাল বা নেট না বসানোর কথা জানিয়েছেন বাঁকুড়া আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিকরা। সম্প্রতি স্কুলবাসের ফিটনেস পরীক্ষা হয়েছে। তখনই এব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ও বাস মালিকদের এই নির্দেশ দেন আধিকারিকরা। এর আগে ছাত্রছাত্রীরা যাতে বাইরে হাত বের করতে না পারে তারজন্য জানালায় নেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ঘটনা ঘটলে উদ্ধারের ক্ষেত্রে ওই নেট সমস্যার তৈরি করে। সেকারণে কিছু বাসে নেট খুলে দেওয়াও হয়।আঞ্চলিক পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, কচিকাঁচারা স্কুলবাসে যাওয়ার সময় জানালা দিয়ে হাত বের করে থাকে। চঞ্চল প্রকৃতির পড়ুয়ারা অনেক সময় জানালা দিয়ে মাথা বের করে বাইরের দৃশ্য দেখে। তাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বাসে থাকা চালক বা স্কুলের এক-দু’জন প্রতিনিধির পক্ষে সকলের উপর নজর রাখা সম্ভব নয়। সেকারণে জানালায় ঘন তারের জাল বা নেট লাগানোর কথা আমরা আগে বলতাম। কিন্তু কোনও কারণে স্কুলবাস দুর্ঘটনার কবলে পড়লে ছাত্রছাত্রীদের জানালা দিয়েও বের করতে হয়। বাস উল্টে একদিকে কাত হয়ে পড়লে দরজা চাপা পড়ে যায়। ওইসময় গ্রিলকাটার এনে নেট কাটতে অনেক সময় লাগে। নেটের পরিবর্তে জানালার মাঝে একটি লোহার পাত বা রড লাগানো যেতে পারে। তাতে কাজও হবে। দুর্ঘটনা ঘটলে ওই রড খুলে পড়ুয়াদের দ্রুত বাসের বাইরে বের করা যাবে।অভিভাবক নিখিল দত্ত, স্বপন শীট বলেন, আমাদের সন্তানরা সুরক্ষিত থাকলেই হল। বাসের জানালায় নেট বা রড যাই বসানো হোক না কেন তাতে আমাদের আপত্তি নেই। তবে বাসে কচিকাঁচাদের নিয়ে যাতায়াতের সময় তাদের উপর নজর রাখতে হবে। আমরাও বাড়িতে এব্যাপারে সন্তানদের সতর্ক করে থাকি।জেলা পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্কুলবাস নিয়ে সরকারের একাধিক নির্দেশিকা রয়েছে। তারমধ্যে বিভিন্ন যন্ত্রাংশের মান কোন পর্যায়ে রয়েছে, তা দেখা খুরই গুরুত্বপূর্ণ। বাসের টায়ার ও যন্ত্রাংশ পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আধিকারিকরা সেইমতো সামগ্রিকভাবে বাসের স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন। কোনও ত্রুটি ধরা পড়লে তা রাস্তায় নামার অযোগ্য বলে জানিয়ে দেওয়া হয়। তখন বাসের মালিক সেই ত্রুটি সংশোধন করেন। পরে ফের রাস্তায় নামার আগে বাসটি পরীক্ষা করা হয়। স্কুলবাস পরীক্ষার সময় জানালায় নেট নিয়ে মালিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।