বরানগরের ব্যবসায়ীকে মারধর অটোচালকদের, তদন্তে পুলিশ
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: অটোচালকদের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ। মাঝ রাস্তা থেকে অটো সরাতে বলায় এক ব্যবসায়ীকে গালিগালাজ ও বেধড়ক মারধরের অভিযোগ উঠল অটোচালকদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করার চেষ্টা চলছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।বরানগরের ৩০/১৫ আটাপাড়া লেনের বাসিন্দা সৌরভ রায়। বুধবার রাত আটটা নাগাদ তিনি একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। তখন কে সি ঘোষ রোড থেকে আটাপাড়ায় ঢোকার রাস্তার মাঝখানে দমদম স্টেশন-সিঁথির মোড় রুটের একটি অটো দাঁড়িয়েছিল বলে অভিযোগ। সৌরভবাবু চালককে অটো সরাতে বলেন। কেন রাস্তার মাঝখানে অটো দাঁড় করিয়ে রেখেছেন, তাও জানতে চান। অভিযোগ, তখনই উত্তেজিত অটোচালক তাঁকে গালিগালাজ শুরু করেন। তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানালে ওই অটো চালক হাঁক দিয়ে পাশের অটো স্ট্যান্ড থেকে সহকর্মীদের ডেকে নেন। এরপর তাঁরা সকলে মিলে সৌরভবাবুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।সৌরভবাবু বলেন, রাস্তার মাঝখানে অটো দাঁড় করিয়ে রাখা হলে গলি রাস্তায় কীভাবে গাড়ি নিয়ে ঢোকা সম্ভব? আমি ভদ্রভাবে অটো সরাতে বলায় ওই অটোচালক বলেন, এটা আমাদের এলাকা। অটো যেখানে ইচ্ছে রাখবো। আমাদের যখন সময় হবে, তখন অটো সরাবো। কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাক। এই কথার প্রতিবাদ করায় প্রথমে বাবা-মা তুলে গালি দেন। এরপর বাকি অটোচালকদের ডেকে মারধর করেন। নিত্যদিন অটোচালকদের দাপটে রাস্তায় বের হওয়াই দায় হয়ে উঠেছে।