• দক্ষিণেশ্বর রুটে আত্মহত্যার চেষ্টা, এক ঘণ্টারও বেশি বন্ধ মেট্রো
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অফিস ফেরত মেট্রো যাত্রীরা ফের দুর্ভোগে পড়লেন। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে বৃহস্পতিবার বিকেলে ফের এক ঘণ্টার বেশি মেট্রো চলাচল বিঘ্নিত হল। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত এই দীর্ঘ পথে মেট্রো থমকে যায়। সৌজন্যে সেই মেট্রো ট্র্যাকে আত্মহত্যার ঘটনা।এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ডাউন লাইনে এই ঘটনাটি ঘটে। ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে যাত্রী বোঝাই রেকটি শহিদ ক্ষুদিরাম অভিমুখে যাচ্ছিল। আচমকাই এক যাত্রী মেট্রো লাইনে ঝাঁপ দেন। অন্য যাত্রীদের মধ্যে তা নিয়ে মুহূর্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেট্রোচালক আপদকালীন ব্রেক কষে ওই যাত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো কর্মীরা। উদ্ধার কাজ শুরুর জন্য থার্ড লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে মেট্রো দাঁড়িয়ে পড়ে।আপ-ডাউন, উভয় লাইনের প্রতিটি স্টেশনে তখন বাড়ি ফেরার যাত্রীদের ভিড় থিকথিক করছে। কিন্তু উদ্ধার কাজ সারতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। এই সময় শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ ও ময়দান থেকে দক্ষিণেশ্বর বিক্ষিপ্ত রুটে মেট্রো চলাচল শুরু হয়। যাত্রীদের অভিযোগ, মেট্রো বন্ধ থাকার ঘোষণা সময়ে করে উঠতে পারেনি রেল। এর ফলে তাঁদের ভোগান্তি সইতে হয়। পাশাপাশি পাতাল পথ থেকে বেরিয়ে বিকল্প পরিবহণ মাধ্যমে গন্তব্যে পৌঁছতেও কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ গোটা রুটে পরিষেবা স্বাভাবিক হয় বলে যাত্রীদের দাবি।
  • Link to this news (বর্তমান)