• বাসন্তীর ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে জখম ২০ জন। পুলিশ জানায়, দুই গোষ্ঠীর মধ্যে পুরোনো শত্রুতা ছিল। তার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। তবে, পুলিশও পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। পুলিশের সামনেই এক পক্ষ অন্য পক্ষের দিকে দেদার ইট-পাথর ছোড়ে।

    সূত্রের খবর, ওই এলাকায় আজাদ কয়াল ও মুর্শিদ শেখের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, আজাদ ও তাঁর অনুগামীরা এ দিন আচমকা মুর্শিদ ও তাঁর সমর্থকদের উপর হামলা চালায়। যদিও আজাদের দাবি, প্রথমে তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল। যার পাল্টা হামলা চালায় আজাদের দল। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে ঢুড়ি বাজার। পুলিশ জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

    ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশের বড় বাহিনী। গ্রামেও পুলিশ পিকেট বসানো হয়েছে। বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের খোঁজেও এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন পুলিশ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)