• গুরুদ্বারের সামনেই AAP নেতাকে গুলি করে খুনের অভিযোগ, ঘটনার ভয়াবহতা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • পাঞ্জাবের জলন্ধরে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে (৩৮) গুলি করে খুনের অভিযোগ। শুক্রবার মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে গুলি করা হয়। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। ঘটনার পর থেকেই পাঞ্জাবে নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন সে রাজ্যের বিরোধীরা।

    সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক হুডি এবং মাস্ক পরে ওবেরয়ের গাড়ির দিকে এগিয়ে আসছে। গাড়ির কাছে পৌঁছেই সে গুলি চালাতে শুরু করে। লাকি ওবেরয় তখন তাঁর গাড়ির ভিতরে বসেছিলেন। গুলি চালিয়েই দুষ্কৃতী স্কুটি আরোহী অন্য এক দুষ্কৃতীকে ডেকে নেয় এবং তার গাড়িতে চড়ে এলাকা থেকে পালিয়ে যায়।

    সূত্রের খবর, ওবেরয় সকালে গুরুদ্বারে এসেছিলেন। সেখান থেকে ফেরার পথেই তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। গুলিতে তাঁর গাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। পাশে থাকা অন্য একটি গাড়ির কাচও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা রক্তাক্ত অবস্থায় ওবেরয়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর থেকেই পাঞ্জাবের রাজনৈতিক মহলে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া প্রশ্ন তুলেছেন, শাসক দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের কী হবে? শিরোমণি আকালি দল প্রধান সুখবীর সিং বাদল ঘটনাকে ‘জঙ্গল রাজ’ বলে কটাক্ষ করেছেন।

  • Link to this news (এই সময়)