চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল উত্তরপ্রদেশে। বাংলার ক্ষেত্রেও তা হবে? SIR সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন তৈরি হয়েছে নতুন জল্পনা। শুক্রবার সকালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বিষয়ে আবেদন জানিয়েছে, ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চ। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে গত বুধবার প্রয়োজনে SIR-এর সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল সুপ্রিম কোর্ট।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি। অন্য দিকে, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ৮টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে। এর মধ্যে উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ৬ মার্চ। তবে সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৭ মার্চ পর্যন্ত ভোটারদের দাবি এবং অভিযোগ সংক্রান্ত পর্ব চলবে। এর পরে আগামী ১০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এ দিন ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটি চিঠি পাঠানো হয়। সেখানে জানানো হয়, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় প্রচুর মানুষের শুনানি বাকি রয়েছে। এত দ্রুত নির্ভুল শুনানির কাজ করা সম্ভব নয় বলে দাবি করা হয়েছে। সেই কারণে আরও তিন দিন শুনানির তারিখ করা হোক বলে দাবি করা হয়েছে। শুনানির সময়সীমা বাড়ানো হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে।
কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, ৭ ফেব্রুয়ারি মধ্যেই শুনানি প্রক্রিয়া শেষ করা হবে। এর আগে কয়েকটি জেলার DEO-র তরফেও মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসে শুনানির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল। রাজ্যের CEO দপ্তরের তরফে নির্বাচন কমিশনকে যাতে এই বিষয়ে আর্জি জানানো হয়, সেই ব্যাপারে আবেদন করা হয়েছিল। যদিও, রাজ্যের CEO দপ্তরের তরফে শুনানির সময়সীমা বাড়ানোর ব্যাপারে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।