• বলাগড়ের একটি পানশালা থেকে ৫১ লক্ষ টাকা আটক
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • মিল্টন সেন,হুগলি: একটি পানশালা থেকে ৫১ লক্ষ টাকা আটক করল পুলিশ। শুক্রবার বলাগড়ে সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। ডিএসপি জানান, ৪ ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে একটি পানশালায় কিছু বহিরাগতের সন্দেহজনক উপস্থিতি দেখা গেছে।

    পুলিশের একটি দল ওই পানশালায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। যাদের নাম শুভজিৎ কুন্ডু ও অগ্নিজিৎ কুন্ডু। তারা বাঁকুড়া জেলার শালতোড়ার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিপুল নগদ টাকা রয়েছে তাদের কাছে। পানশালায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল তারা।

    এরপর পুলিশ তাদের ঘরে তল্লাশি চালিয়ে একটি টাকা গোনার মেশিন, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন উদ্ধার করে। একটি চারচাকা গাড়িও আটক করেছে পুলিশ। ধৃত দুই ভাইয়ের কাছ থেকে সেখান থেকেই নগদ ৪১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। পরে তাদের আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে পানশালার ঘরে লুকিয়ে রাখা আরও দশ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,এই বিপুল টাকার উৎস জানাতে পারেনি ধৃতরা। পুলিশি জেরায় কখনও বলেছে জমি কিনতে এসেছিল। কখনও বা দাবি করেছে নোটগুলি বদলি করার জন্য নিয়ে আসা হয়েছিল। বিধানসভা নির্বাচন আসন্ন। এই সময় কীজন্যে এত পরিমান নগদ টাকা বলাগড়ে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)