• 'আপনি আসলে কার ছেলে?' বিধানসভায় বাবাকে নিয়ে বেনজির টানাটানি!
    ২৪ ঘন্টা | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • মৌমিতা চক্রবর্তী: তৃণমূল বনাম বিজেপি! আজ এক অন্য মাত্রা পেয়ে গেল বিধানসভায়। যুযুধান দুই শিবিরের দুই বিধায়কের মধ্যে এবার বাবাকে নিয়ে টানাটানি!

    বিধানসভায় এবার বাবা বিতর্ক। বাবাকে নিয়ে টানাটানি। বাজেট বিতর্কে বক্তব্য রাখছিলেন অশোক লাহিড়ী। তিনি ওড়িশা সরকার কীভাবে উন্নয়নের কাজ করছে, সেই উদাহরণ দিচ্ছিলেন। সেই সময় মন্ত্রী উদায়ন গুহ বলেন, 'ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।' উদয়ন গুহ এই কথা বলা মাত্র বিজেপির বেঞ্চের থেকে হই হই করে ওঠেন বিধায়করা। 

    সেই সময় শুভেন্দু অধিকারী উদয়ন গুহর উদ্দেশে বলেন, "আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন।" শুভেন্দু অধিকারী এই কথা বলা মাত্রা  শুরু হয় তুমুল বিতর্ক। যদিও অধ্যক্ষ দুপক্ষকেই থামিয়ে ফের বক্তৃতা শুরু করেন। এরপর উদয়ন গুহ অধ্যক্ষের অনুমতি নিয়ে বলেন, "আমার বাবা কমল গুহ ৭ বার বিধায়ক ছিলেন। ১৯ বছর মন্ত্রী ছিলেন। আমার বাবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি কিছু সমালোচনা করেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিক যে আমি আমার বাবাকে চোর বলেছি।" 

    এরপরই বিধানসভায় দাঁড়িয়ে উদয়ন গুহের শুভেন্দু অধিকারীকে পালটা আক্রমণ, "আমি আমার বাবার গর্বিত সন্তান। আপনি যেমন শিশির অধিকারীর সন্তান। কিন্ত আপনি তো শিশির বাবুর ছেলে হয়েও নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?" ব্যস, উদয়ন গুহ এইকথা বলা মাত্র তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। দুপক্ষ-ই একে অপরের দিকে আঙুল তুলে স্লোগান দিতে থাকেন। স্পিকার অবশ্য জানিয়েছেন, কোনওটাই রেকর্ডে রাখা হচ্ছে না। তবে বাবাকে নিয়ে এই টানাপোড়েন বিধানসভায় নজিরবিহীন।

  • Link to this news (২৪ ঘন্টা)