এক সময়ের নামজাদা ব্যবসায়ীর এমন বিদায় কেউ কল্পনাও করতে পারেননি। সোলাপুরের জনপ্রিয় ‘মুলতানি বেকারি’-র মালিক সুনীল সদারঙ্গানির (৬০) রহস্যমৃত্যুতে তীব্র চাঞ্চল্য মহারাষ্ট্রে। বুধবার বিজয়পুর রোডের এক বহুতল আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই পুলিশ সূত্রে খবর।
বুধবার দুপুরে সোলাপুরের বিজয়পুর রোডে অবস্থিত ‘পানাস অ্যাপার্টমেন্ট’ নামে এক বহুতল ভবনে আসেন সুনীল। লিফট ব্যবহার না করে পায়ে হেঁটে তিনি ১৭ তলার ছাদে ওঠেন। এর পরেই নীচ থেকে নিরাপত্তারক্ষীরা তাঁকে ছাদের কিনারায় দাঁড়িয়ে হাতজোড় করে প্রার্থনা করতে দেখেছিলেন। তাঁদের সন্দেহ হয়েছিল।
তাঁরা তড়িঘড়ি উপরে গিয়ে তাঁকে বুঝিয়ে নীচে নামিয়ে আনেন। কিন্তু নীচে আসার পরে ‘চাবি ফেলে এসেছি’— এই অজুহাতে তিনি ফের উপরে যান। একাই যান এবং এর পরেই ছাদ থেকে নীচে ঝাঁপ দেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’। তবে ভিডিয়োটিতে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার আগে সুনীল সদারঙ্গানিকে প্রার্থনা করতে দেখা যাচ্ছে।
কোনও সুইসাইড নোট লিখে যাননি তিনি। কাজেই ব্যক্তিগত সমস্যা, আর্থিক মন্দা না অন্য কিছু, ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এ দিকে ৬০ বছরের এই সফল উদ্যোগপতির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সোলাপুরের ব্যবসায়ী মহলে।