• বন্ধুকে বেধড়ক মারতে নির্দেশ সহপাঠীদের! সরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের পড়ুয়াকে ভয়ংকর র‍্যাগিং
    ২৪ ঘন্টা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • মনোরঞ্জন মিশ্র: পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াকে র‍্যাগিং এবং মারধরের আভিযোগ উঠল দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের দুই ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে । ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আহত ডাক্তারি পড়ুয়ার নাম মেহবুব ইসলাম । বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। অভিযুক্ত ডাক্তারি পড়ুয়াদের নাম ঋষভ সিং এবং অয়ন বাগচি। র‍্যাগিংয়ের বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

    অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া মেহবুব ইসলামকে র‍্যাগিং করার সময় প্রথম বর্ষেরই ডাক্তারি পড়ুয়াদের তাঁকে মারধরের জন্য বলে ঋষভ সিং এবং অয়ন বাগচি নামে দুই ডাক্তারি পড়ুয়া । তাঁকে মারধর না করলে প্রথম বর্ষের সকল ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ । বাধ্য হয়ে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা মেহবুব ইসলামকে বেধড়ক মারধর করে। মারধরের চোটে গুরুতর আহত হয় মেহবুব ইসলাম। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে। 

    খবর পেয়ে আজ শুক্রবার পরিবারের লোকজন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় । তারপরই দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত ডাক্তারি পড়ুয়া এবং তার পরিবার । যদিও অভিযুক্ত ডাক্তারি পড়ুয়ারা নিজেদের দোষ অস্বীকার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP ডাঃ সুকমল বিষয়ী। 

  • Link to this news (২৪ ঘন্টা)