• ‘নিজেকেই ধোঁকা দিচ্ছে…’, ইসলামাবাদের বিস্ফোরণের নিন্দা করেও পাক সরকারকে তোপ ভারতের
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ইসলামাবাদের এক শিয়া মসজিদে আত্মঘাতী হামলার ঘটনার নিন্দা করল ভারত। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী শুক্রবারের এই হামলায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি এই হামলার প্রেক্ষিতে ‘দ্বিচারিতা’ নিয়ে পাকিস্তানকে সপাটে আক্রমণও করেছে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তান সরকারের তোলা যাবতীয় অভিযোগকে নসাৎ করেছে।

    শুক্রবার ইসলামাবাদের তারলাই ইমামবারগাহ মসজিদে নামাজের সময়ে এক আত্মঘাতী জঙ্গি জোরালো বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পরেই চিরকালীন অভ্যাসবশত পাকিস্তান জানায়, এই নাশকতার পিছনে ‘বাইরের শক্তি’ জড়িত থাকতে পারে। ‘বাইরের শক্তি’ বলতে ইসলামাবাদ ভারতের দিকেই আঙুল তুলেছে, তা বুঝতে আন্তর্জাতিক সম্পর্ক বা ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।

    শুক্রবার রাতে ভারতীয় বিদেশ মন্ত্রক এক কড়া বিবৃতি জারি করে পাকিস্তানের এই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দিয়েছে। নয়াদিল্লির স্পষ্ট বার্তা, ‘নিজেদের ঘরের জঙ্গিদের দমনে ব্যর্থ হয়ে অন্য দেশের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আসলে নিজেকেই ধোঁকা দিচ্ছে।’

    নয়াদিল্লির বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান নিজের দেশের সামাজিক ফাটল এবং ‘হোম-গ্রোন’ বা নিজেদের ঘরে বেড়ে ওঠা জঙ্গি সমস্যার সমাধান না করে বিভ্রান্তি ছড়াতে চাইছে।

    সাম্প্রতিক সময়ে বালোচিস্তানের হামলার ঘটনাতেও ভারতের নাম টেনে এনেছিল ইসলামাবাদ। সেই সময়েও, বরাবরের মতো সেই দাবি প্রত্যাখ্যান করেছিল ভারত। ভারতের দাবি, নিজেদের ব্যর্থতা থেকে দেশের মানুষের নজর ঘোরাতেই পাকিস্তান সরকার এই নির্লজ্জ মিথ্যাচারের পথ বেছে নিয়েছে।

  • Link to this news (এই সময়)