• বেআইনি কয়লাখনির বিস্ফোরণে গ্রেপ্তার ২
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • শিলং: মেঘালয়ের অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। আরও একজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের ডিজিপি আই নোংরাং। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। দু’জন মন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কু গ্রামের ওই অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণের জেরে আহত আট জনের মধ্যে সাত জনের পরিচয় মিলেছে। তাঁরা শিলংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের শনাক্ত করার কাজ চলছে। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধারকাজ। আরও কেউ খনিতে আটকে আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় শোকপ্রকাশ করেন। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়ের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএম রিলিফ ফান্ড) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এদিকে, মেঘালয় হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বেআইনি খননের সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।
  • Link to this news (বর্তমান)