নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচন প্রস্তুতিতে ক্রমশ গতি বাড়াচ্ছে নির্বাচন কমিশন। ৮২৪টি নির্বাচনী কেন্দ্রে নির্বাচন ব্যবস্থা নিখুঁত করাই কমিশনের কাছে চ্যালেঞ্জ। তাই গোটা দেশ থেকে ১ হাজার ৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে দিল্লিতে ডেকে দুদিন ধরে বিশেষ বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে ছিলেন অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশি। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তাঁরা জানিয়ে দিয়েছেন, যে রাজ্য থেকেই আপনারা আসুন, যে রাজ্যেই নির্বাচনে দায়িত্ব পালন করতে যান, কোনো জায়গাতেই যেন আইনের এক লাইনও এদিক-ওদিক না হয়। কারও দ্বারা প্রভাবিত না হয়ে আইনে যেমনটি বলা আছে, অধিকার দেওয়া আছে, সেই মতো কাজ করবেন। নির্বাচন করাতে হবে অবাধ এবং সুষ্ঠু। ফ্রি অ্যান্ড ফেয়ার।৭১৪ জন সাধারণ পর্যবেক্ষক, ২৩৩ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৪৯৭ জন এক্সপেনডিচার পর্যবেক্ষককে এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে কাজ করতে হবে। বলা হয়েছে, রাজনৈতিক দলের দাপটে ভয় নয়। ভোটাররা কোনো অভিযোগ করলেই তা সঙ্গে সঙ্গে সমাধানের উদ্যোগ নিতে হবে। আর ভোটকর্মীদের কাছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের হয়ে উঠতে হবে ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। ভোটকর্মীরা যেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ভয় না পায়। কমিশনের ‘চোখ ও কান’ হিসেবেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্বাচন সংক্রান্ত সমস্ত আইন, বিধি, নির্দেশিকা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হতে বলা হয়েছে।