৩১ বছর আগের জমি মামলায় গ্রেপ্তার নির্দল সাংসদ পাপ্পু যাদব
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
পাটনা: জমি বিবাদ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদব। শুক্রবার রাতে পাটনার বাড়ি থেকে পূর্ণিয়ার সাংসদকে গ্রেপ্তার করে পুলিশ। এবিষয়ে পাটনার এসপি (শহর) ভানুপ্রতাপ সিং বলেন, ‘১৯৯৫ সালের একটি মামলায় পাপ্পু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের সঙ্গে তাঁর কেয়ারটেকার রয়েছেন। হাসপাতালে শারীরিক পরীক্ষার পর থানায় নিয়ে যাওয়া হবে।’ ১৯৯৫ সালে প্রতারণার মামলা দায়ের করেছিলেন বিনোদ বিহারী লাল নামে এক ব্যক্তি। অভিযোগকারী জানান, ভুল বুঝিয়ে তাঁর একটি বাড়ি প্রথমে ভাড়া দেওয়া হয়। পরে সেই বাড়িটিকে নিজের অফিস হিসাবে ব্যবহার করেন একজন এমপি। বিনাদের দাবি, চুক্তির সময়ে গোটা বিষয়টি গোপন রাখা হয়েছিল।একাধিকবার নোটিস পাঠানো সত্ত্বেও সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজিরা দেননি পাপ্পু। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও লাভ হয়নি। এই অবস্থায় পাপ্পু সহ বাকি অভিযুক্তদের সম্পত্তি অ্যাটাচ করার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন বিহারের বাহুবলী নেতা। গ্রেপ্তারির আগে এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট, ‘খুব ভালো কাজ করেছে বিহার পুলিশ। আমরা এক নিট পড়ুয়ার ন্যায়বিচারের পক্ষে সওয়াল করেছিলাম। তাতেই পুলিশের পেটে ব্যথা শুরু হয়ে যায়। পাটনার বাড়িতে আমাদের গ্রেপ্তার করতে চলে আসে ওরা। তবে এইভাবে পাপ্পু যাদবকে দমিয়ে রাখা যাবে না। আমরা অসৎ ব্যক্তিদের কুকীর্তি প্রকাশ্যে আনবই।