বিধানসভা ভিত্তিক শক্তি প্রদর্শনে মরিয়া প্রয়াস শুরু মালদহ সিপিএমের
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ: বামেদের সঙ্গে জোট বা আসন সমঝোতা কোনোটিতেই রাজি নয় কংগ্রেস। একথা একদিন আগেই স্পষ্ট করে দিয়েছে দলের হাইকমান্ড এআইসিসি। গত দু’টি বিধানসভার জোটসঙ্গী কংগ্রেস ‘একলা চল’ নীতি গ্রহণ করতেই এবার বিধানসভা ভিত্তিক শক্তি প্রদর্শন করতে মরিয়া প্রয়াস শুরু করে দিল মালদহ জেলা সিপিএম।মালদহের বুকে ইতিমধ্যেই পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়দের মতো প্রথম সারির নেতানেত্রীদের নিয়ে সভা করেছে সিপিএম। যে সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকরা ঠাট্টা করে বলেন, সিপিএম মাঠ ভরায়, ভোট পায় না। আবার কেউ কেউ এও বলছেন, প্রশাসন তাদের সভার অনুমতি না দেওয়া সত্ত্বেও এত বড় সমাবেশ করে দেখিয়ে দিল তারা।সিপিএমের মালদহ জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, ইংলিশবাজারে আমরা শক্তি প্রদর্শন করেছি। এবার ১২টি বিধানসভা ধরে ধরে আমরা শক্তি প্রদর্শন করব। সিপিএম সূত্রে খবর, কোনো বিধানসভায় বিশাল জনসভা আবার কোথাও বড় মিছিল করার প্রস্তুতি নিচ্ছে তারা। কিছু কিছু বিধানসভা কেন্দ্রে বড় কোনো ঘেরাও কর্মসূচিও তারা করতে পারে। সিপিএমের মালদহ জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্য জানান, ভূতনির বন্যা ও ভাঙন ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। আমরা মানিকচক ব্লক প্রশাসনিক কার্যালয় ঘেরাও করার চিন্তাভাবনা করছি। হবিবপুর, গাজোল বিধানসভা একটা সময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল। সেখানে আদিবাসীদের জমি দখলকে ইস্যু করে আন্দোলনে নামতে পারে মালদহ জেলা সিপিএম।