• বিএলওর নামে নোটিস, হৃদরোগে মৃত্যু
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্বপ্রতিনিধি, বহরমপুর: ফের বিএলও’র মৃত্যু ঘিরে সরগরম মুর্শিদাবাদ। অভিযোগ, নির্বাচন কমিশনের দিশাহীন এসআইআরের কাজ সম্পন্ন করা নিয়ে বড্ড চাপে ছিলেন তিনি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাঁর। নাম মায়া মুখোপাধ্যায়ের (৫৮)। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর গ্রামে।পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে মায়াদেবী বিএলও হতে চাননি। কমিশনের চাপে কাজ করতে রাজি হন। এসআইআর শুরু হওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। শ্রীপুর নামুপাড়া শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। হিয়ারিং শেষ পর্বে তাঁর নিজের নামেও নোটিস এসেছে। একদিকে কাজের চাপ, অন্যদিকে নোটিস পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এদিন সকালে তিনি অসুস্থবোধ করেন।মায়াদেবীর পরিবারের অভিযোগ,এসআইআর শুরু হওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। এলাকার বুথের ভোটার তালিকায় কারও নাম বাদ যাবে কিনা—এই নিয়ে প্রচণ্ড চিন্তা করতেন। বহু ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে একের পর এক হিয়ারিংয়ের নোটিস দিয়েছিলেন তিনি। গ্রামবাসীদের হিয়ারিং শিবিরে পাঠিয়ে খুব আতঙ্কে থাকতেন তিনি। চূড়ান্ত তালিকায় কাদের নাম বাদ যাবে, তা নিয়ে রীতিমতো উদ্বেগে ছিলেন। ভোটার তালিকায় কারও নাম বাদ পড়লে গ্রামবাসীরা তাঁর বাড়িতে এসে চড়াও হতে পারেন, এই আশঙ্কাও ছিল তাঁর। শেষ পর্বে নিজের নামেও নোটিস পেয়ে অস্থির হয়ে উঠেছিলেন।
  • Link to this news (বর্তমান)