• পীরতলার ডোবা ভরাটের অভিযোগ, নোটিস জারি
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, নবদ্বীপ: শহরের পুরনো ডোবা ভরাটের অভিযোগ ঘিরে নবদ্বীপে শোরগোল।  অভিযোগ, দিনের পর দিন একটু একটু করে দখল হয়ে যাচ্ছে নবদ্বীপের পীরতলার ডোবা। কখনো পাড়ের মাটি কেটে ডোবায় ফেলা, কখনো বা  বিভিন্ন জায়গা থেকে ভ্যান রিকশ করে ইট ভাঙা বা ঘেঁষ এনে ডোবার মধ্যে ফেলা হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর অবৈধ ভাবে ওই ডোবা বোজানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান নবদ্বীপ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক। তিনি সরেজমিনে তদন্ত করে ডোবা ভরাটের কাজ বন্ধ করেন। এমনকী, স্পষ্ট  জানান, ওই ডোবা যেভাবে অবৈধ উপায়ে ভরাট করা হয়েছে, তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এবিষয়ে ডোবার জমির মালিকদের নামে  নোটিস জারি করেন নবদ্বীপের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ, সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ডোবা ভরাটের কাজ চলছে। কখনও ভোরে আবার কখনও রাতের অন্ধকারে বেআইনি উপায়ে চলছে সুকৌশলে ডোবা ভরাট।যদিও পাঁচ মাস আগে দ্রুত ডোবাটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা হলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জমির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, এই সতর্ক বার্তা দেওয়ার পর সাময়িক বন্ধ ছিল ডোবা ভরাট। জানা গিয়েছে, এক সময় এই ডোবাতেই বিসর্জন হত তন্ত্রসাধক আগমবাগীশের প্রতিষ্ঠিত নবদ্বীপের আগমেশ্বরী কালী প্রতিমার। এছাড়া রাস পুজোর ঐতিহ্যবাহী সুউচ্চ যোগনাথ তলার জোড়া বাঘ গৌরাঙ্গিনী মাতা সহ বিভিন্ন দেব-দেবীর নিরঞ্জনও ডোবাতেই হত। পরবর্তী সময়ে ব্যক্তিগত মালিকানায় থাকা ডোবার মালিকের আপত্তিতে বেশ কয়েক বছর প্রতিমা নিরঞ্জন বন্ধ হয় ডোবায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ডোবাটি পূর্বতন মালিক বিক্রি করে দেন। তারপর থেকেই এই ডোবা এভাবে ভরাটের কাজ চলছে। অথচ পুরসভা থেকে প্রশাসন কারোরই কোনো হেলদোল নেই।নবদ্বীপ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিরতলা মোড় সংলগ্ন এলাকায় রয়েছে ডোবাটি। শুক্রবার নবদ্বীপ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব পরিদর্শক (নবদ্বীপ পুরসভা) সোমদীপ চক্রবর্তী বলেন, গত ২৫ সেপ্টেম্বর এখানে একটা নোটিস ইস্যু করে গিয়েছিলাম। সেই নোটিসের অংশ এখনো অর্ধেকটা ঝুলছে। এটা কেউ বা কারা ছিড়ে দিয়েছে। ওই নোটিসে লেখা ছিল আমরা যাঁদের রেকর্ডেড রায়ত পেয়েছিলাম  তাঁদের নির্দেশ দেওয়া ছিল এটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা।  এটা তখন আনডিভাইডেড প্রপার্টি ছিল। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এখন দেখা যাচ্ছে অভিনব কায়দায় সেখানে ঘেঁষ ফেলা হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)