• শুনানিতে ডাক পেয়েই মৃত্যু, জল্পনা
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। যদিও পরিবারের দাবি, এসআইআরের নোটিস আসার পরই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এরপর স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কুলপির রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নাকনন গ্রামে। মৃত বৃদ্ধার নাম আসমা সর্দার (৬৮)। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে আসমাদেবীর স্বামীর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর পর পেনশন পান মহিলা। সম্প্রতি তাঁকে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে। মূলত নামের বানান ভুলের জন্য নোটিস পাঠানো হয়েছিল। তারপর থেকেই তিনি দুশ্চিন্তায় ভুগতে থাকেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি আসমা সর্দারের হিয়ারিংয়ের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু তাঁর আগেই তিনি ২৮ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত কুলপি প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয়। মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে তিনি চিকিৎসাধীন থাকাকালীন তাঁর ছেলে হিয়ারিংয়ে গিয়ে প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়ে এসেছিলেন। গত বৃহস্পতিবার তিনি সুস্থ বোধ করলে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে না পারায়, আতঙ্কে ভুগতে থাকেন। শুক্রবার আবার তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।
  • Link to this news (বর্তমান)