• আজ ‘রোজ ডে’, বাজারে গোলাপের পিস ৫০ টাকা
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অতূণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। তা ফুল ফোটেনি কে বলল। শহরের উদ্যানগুলিতে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে, বাইপাসের ধারে বর্তমান পত্রিকার বাগানে লাল গোলাপ টকটকে লাল রঙের আগুন ধরিয়ে দিয়েছে যেন। সে আগুন রাজ্যজুড়ে। সর্বত্র প্রেম ফুটেছে ফুলের মতো। ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। আজ রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইন উদযাপন ফুল-দমে শুরু। আগামী ক’দিন মোমবাতির শিখার মতো তিরতির করে কাঁপবে প্রেম। মোমের মতো গলে পড়বে নরম ভালোবাসা। তা এই আবহাওয়ায় গোলাপের দাম বাড়বে না, তা কি হয়! ব্যবসায়ীরা তো এসব দিনের অপেক্ষাতেই থাকেন। ফলে খোলা বাজারে এক পিস গোলাপের দাম উঠেছে ৪০ থেকে ৪৫ টাকা। কিন্তু বিক্রি কম হচ্ছে না।হাতখরচের টাকা জমিয়ে, টিউশনির টাকা সরিয়ে প্রেমিক-প্রেমিকার জন্য উপহার কিনছে তরুণ প্রজন্ম। কেউ সদ্য পেয়েছে চাকরি। এ মাসের মাইনের অনেকটাই যাবে গোলাপের তোড়া কিনতে। যথারীতি এবছরও বেঙ্গালুরুর গোলাপ হিট। তারপর চাহিদা পুনের গোলাপের। সাদা গোলাপের দাম সবথেকে বেশি। সেগুলি দেখতে ছবির মতো। যেন মোমের তৈরি, কিংবা কাচের তৈরি গোলাপের মতো দেখতে লাগে, এতটাই বিউটিফুল। সে ফুল অনেক দরদাম করলে তবে ৫০ টাকায় মেলে, না হলে ৬০। প্রেমিকার ঠোঁটে ধবধবে হাসি দেখতে সাদা গোলাপই ভরসা অনেকের। আর প্রেমে আগুন জ্বালাতে লালের থেকে ভালো আর কিছুই নেই। শুক্রবার এ কারণে মল্লিকঘাট ফুলের বাজার থেকে নিউমার্কেট, ভিড়ে ভিড়ে ভিড়াক্কার। এখন বিবাহের মরশুম। বিয়েতেও রজনীগন্ধাকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে গোলাপ। বাংলার গোলাপ চাহিদা ও কৌলিন্যে এখন কিছুটা ব্যাকফুটে। ক্রেতাদের পছন্দ ভিনরাজ্যের গোলাপ। মল্লিকঘাট থেকে নিউমার্কেট, শ্যামবাজার থেকে সল্টলেক, গড়িয়াহাট থেকে নিউটাউন, সব জায়গার ফুল ব্যবসায়ীদের বক্তব্য, বেঙ্গালুরু ও পুনের গোলাপের চাহিদা বেশি। সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘ভ্যালেন্টাইন ডে বলে এখন ব্যবসা তুঙ্গে। তবে যতদিন শীত থাকবে, গোলাপের চাহিদাও থাকবে।’ ব্যবসায়ীদের কাছ থেকে জানা গিয়েছে, রাজ্যের গোলাপ দিয়ে তৈরি বুকের দাম ৩০০ টাকা। বেঙ্গালুরুর গোলাপের তোড়ার দাম ৬০০ টাকা থেকে শুরু। রং অনুসারে ৯০০ টাকাও দাম উঠছে। তবে হ্যাঁ, দেখতে যতই ভালো হোক বেঙ্গালুরুর গোলাপ কিন্তু গন্ধহীন। আর বাংলার গোলাপ বাগানে ঢুকলে মনে হয়, আতর মেখেছে শীতের বাতাস। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়...
  • Link to this news (বর্তমান)