• সাঁই সাঁই শব্দে উড়ে এসে কামড়, মৌমাছির হামলায় হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবক
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • মাধ্যমিক কেন্দ্রে সন্তানকে পৌঁছতে এসে হুলের জ্বালায় হাসপাতালে ছুটতে হলো সাত মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক। ছাড় পেলেন না পুলিশ,পথচারীও। মাধ্যমিক পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের নিয়ে এসে মৌমাছির হামলায় জেরবার তাঁরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়।

    জানা গিয়েছে, পি.পি ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আচমকা মৌমাছির হামলায় হুলস্থূল কাণ্ড ঘটল। স্কুলের বাইরের মাঠে পরীক্ষা শেষের অপেক্ষায় বসে থাকা অভিভাবকদের ওপর হঠাৎ ঝাঁকে ঝাঁকে হামলা করে মৌমাছির দল। সাঁই সাঁই শব্দে উড়ে এসে একের পর এক মৌমাছি হুল ফোটাতে শুরু করে। তার জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অভিভাবকদের পাশাপাশি মৌমাছির হামলার শিকার হন ডিউটিতে থাকা এক ট্রাফিক পুলিশ কর্মী ও পথচলতি সাধারণ মানুষজন। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

    জানা গিয়েছে, স্কুল মাঠ সংলগ্ন একটি গাছে দীর্ঘদিন ধরেই বড় একটি মৌচাক ছিল। অনুমান করা হচ্ছে, কোনও শিকারী প্রাণী বা পাখি মধু খেতে এসে মৌচাকে আঘাত করলে মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে এবং তার জেরেই এই হামলা শুরু হয়।

    মৌমাছির হামলায় আক্রান্ত সাতজন অভিভাবককে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ওষুধপত্র দেওয়া হয়।আউসগ্রাম ১ বিএমওএইচ জয়দ্রথ বিশ্বাস জানিয়েছেন,গুসকরার পাশাপাশি ওরগ্রামেও ঘটনা ঘটেছে।বেশ কয়েকজন অসুস্থ হয়ে এসেছিল।একটি বাচ্চা-সহ দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। তবে স্বস্তির বিষয়,কোনও মাধ্যমিক পরীক্ষার্থী মৌমাছির আক্রমণে আক্রান্ত হয়নি।

  • Link to this news (এই সময়)