• জয়পুর জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাইক ও পিকআপ সংঘর্ষে মৃত্যু দুই যুবকের
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • বাঁকুড়ার জয়পুর থানার জয়পুর জঙ্গলের শুকনো পুকুর এলাকায় বিষ্ণুপুর-কলকাতা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুর দিক থেকে বিষ্ণুপুরগামী একটি বাইকে দুই যুবক অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    সংঘর্ষের তীব্রতায় বাইক ও পিকআপ ভ্যানের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দুই যুবকের। মৃতরা বিষ্ণুপুর শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অপরদিকে দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও খালাসি গুরুতরভাবে আহত হন।

    খবর পেয়ে জয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কী ভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটা প্রচন্ড গতিতে ছিল। পিকআপ ভ্যানটিও যথেষ্ট দ্রুত গতিতে চলছিল। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পিকআপ ভ্যানটিতে মারে বাইক। এতেই দুর্ঘটনা।

    অন্যদিকে, বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটিতেও বৃহস্পতিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে। তাতে গুরুতর আহত হন চালক। ঘটনাটি ঘটে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর গঙ্গাজলঘাটি ফরেস্ট অফিসের সামনে।

  • Link to this news (এই সময়)