• কলকাতার তাপমাত্রা ফের নামল ১৪ ডিগ্রিতে
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার তাপমাত্রা ফের নামল ১৪ ডিগ্রির ঘরে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট কমে এসেছে। যদিও উত্তরবঙ্গে এখনও কুয়াশার সতর্কতা থাকছে। এটা ঘটনা, নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে শহরজুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণেও তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। 

    এদিকে, উত্তরের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার ফলে দৃশ্যমানতা কমে আসতে পারে। ভোরের দিকে সমস্যা তীব্র হতে পারে। আর রাজ্যের সর্বত্র আবহাওয়া থাকবে মূলত শুকনো। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।

    এদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি করে কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পর তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা থেকে দক্ষিণের জেলায় জেলায় কুয়াশা না থাকলেও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হবে। বেলা বাড়লে রোদের সঙ্গে সঙ্গে অবশ্য সেই আমেজ উধাও হবে।

    এদিকে, শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যে শীতলতম। উত্তরবঙ্গের ঠান্ডার তালিকায় এরপরেই রয়েছে কালিম্পং। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। কল্যাণীতেও পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে সেটাই শীতলতম। এছাড়া, সিউড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ। শনিবার সকালে। রবিবারও তাপমাত্রা এমনই থাকার সম্ভাবনা। আগামী সপ্তাহ থেকে হয়ত এতটা ঠান্ডা আর থাকবে না। 

    এদিকে, রবিবার ৮ ফেব্রুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। উত্তর–পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ–পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান। এসবের এই  ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমল। ফলে আরও কয়েকদিন শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী।

     
  • Link to this news (আজকাল)