নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাচ্ছি যাচ্ছি করেও শীত বিদায় নিচ্ছে না। চারদিন সর্বনিম্ন তাপমাত্রা চড়েছিল বেশ খানিকটা। আজ, শনিবার ফের ভোরের তাপমাত্রা পড়ল হুহু করে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ২.৫ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বীরভূমের সিউড়িতে। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিসের হিসেবে এটাই শীতের শেষ ইনিংস। আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রিতে নামার সমার সম্ভাবনা থাকছে। তবে রাত ও ভোরের তাপমাত্রা কম থাকলেও শীত অনুভূত হবে না রোদ ওঠার পরে। রাত ও ভোরের শীতের আমেজ জারি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারের পর থেকে বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রাজ্যে কোথাও কোথাও আপাতত ঘন কুয়াশার পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের নেই আগামী কয়েকদিন। র্দার্জিলিং এর পার্বত্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কালিম্পং সহ উত্তরের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।