• জীবিত ভোটারদের ফর্ম ৭ পূরণ করতে বলার অভিযোগ, বাদুড়িয়ার BDO অফিসে বিক্ষোভ স্থানীয়দের
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • জীবিত ভোটারদের ফর্ম ৭ পূরণ করতে বলার অভিযোগে প্রবল চাঞ্চল্য ছড়াল বাদুড়িয়ায়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়ায়। অভিযোগ, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়তের ৪৫ নম্বর বুথের বেনাগ্রামের এবং আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের মোট ৩৩ জনকে ফর্ম ৭ পূরণ করতে বলা হয়েছে।

    নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, কোনও ভোটারের নাম দুই বিধানসভা এলাকায় থাকলে একটি জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য, কিংবা তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ পূরণ করতে হয়। সেই ফর্ম পূরণ করে তালিকা থেকে ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করছেন ওই ৩৩ জন ভোটার। শনিবার সকালে BDO অফিসে এসে বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। তাঁদের দাবি, BJP চক্রান্ত করে জীবিত ভোটারদের মৃত ঘোষণা করছে।

    এ বিষয়ে তৃণমূল নেতা মেহেবুর আলম জানিয়েছেন, সামনে বিধানসভার ভোট। তার আগে BJP চক্রান্ত করে জীবিত ভোটারদের মৃত বলে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তবে এই প্রচেষ্টা সফল হবে না বলেই দাবি তাঁর। এই ৩৩ জন হিয়ারিং এর পরে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে। যাঁরা এই চক্রান্তের সঙ্গে যারা জড়িত তাঁদের ব্যবস্থা করুক নির্বাচন কমিশন, এমনটাই দাবি স্থানীয়দের।

    এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা জানিয়েছেন, বেশ কিছু ভোটার তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে, বাদুড়িয়ায় SIR নিয়ে ক্ষোভ অব্যাহত। উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় BDO অফিসে তাণ্ডবের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োও। ঘটনাটির কথা পোস্ট করে কড়া নিন্দা করেছেন BJP নেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের CEO দপ্তর।

  • Link to this news (এই সময়)