• ৩৩ জন জীবিত ভোটারকে মৃত ঘোষণা, উত্তাল বাদুড়িয়া
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ৩৩ জন জীবিত ভোটারকে মৃত ঘোষণা করার অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকে। মঙ্গলবার এই ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাদুড়িয়া বিডিও অফিস চত্বর।

    অভিযোগ, ৭ নম্বর ফর্ম পূরণ করে জীবিত ভোটারদের মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভা এলাকার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ (বেনা গ্রাম) এবং আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ থেকে মোট ৩৩ জন জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ।

    বিষয়টি সামনে আসতেই ক্ষুব্ধ ওই ভোটাররা বাদুড়িয়া বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে ৭ নম্বর ফর্ম জমা দিয়ে জীবিত ভোটারদের মৃত বলে ঘোষণা করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে।

    তাঁদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কারচুপি করা হচ্ছে। এই প্রসঙ্গে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা জানান, ‘কয়েকজন ভোটার আমার কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

    তৃণমূল কংগ্রেস নেতা মেহেবুর আলমের অভিযোগ, ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে জীবিত ভোটারদের মৃত দেখিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। বিজেপির এই চক্রান্ত সফল হবে না।’

    তিনি আরও অভিযোগ করেন, যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সূত্রের খবর, ওই ৩৩ জন ভোটারের শুনানির পর বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হতে পারে।

    তবে বাদুড়িয়ার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। সামাজিক মাধ্যমে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাদুড়িয়া বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের ‘হেনস্থা’র একটি ভাইরাল ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    ওই ভিডিও ঘিরে বিতর্ক ছড়াতেই উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সব মিলিয়ে বাদুড়িয়ার এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
  • Link to this news (আজকাল)