• বাণিজ্য সংক্রান্ত ভারতের নতুন ম্যাপ প্রকাশ করল আমেরিকা, ঘুম উড়ল পাকিস্তানের!
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই পাকিস্তানকে ঘুরিয়ে বার্তা দিল আমেরিকা? অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তেমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দপ্তরের তরফে একটি ভারতের ম্যাপ প্রকাশ করা হয়েছে। তাতে জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ দেখানো তো হয়েছেই। পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরও রয়েছে ভারতে। যা পাকিস্তানের মাথাব্যথার কারণে হয়ে উঠতে চলেছে বলেই মত একাংশের। পিওকে-কে নিজেদের এলাকা বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে পাকিস্তান। কার্যত জোর করে সেই স্থান দখলের অভিযোগ রয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে। সূত্রের খবর, নয়াদিল্লির তরফে দেওয়া ম্যাপই স্বীকার করে নিয়েছে ওয়াশিংটন। যার ফলে পাকিস্তানের দীর্ঘদিনের দাবি কার্যত মান্যতা পাবে না বলেই মনে করা হচ্ছে।ভারতকে ঠেকাতে আমেরিকার দিকে ঝুঁকেছে পাক সরকার। বারবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছেন পাক প্রধানমন্ত্রী থেকে সেনাপ্রধান আসিম মুনির। ইসলামাবাদের এমন হাবভাব ছিল, যেন তাঁরা আমেরিকার সবচেয়ে ভালো ‘বন্ধু’, যদিও আমেরিকার তরফে সদ্য প্রকাশিত ম্যাপ দেখে হয়তো কল্পনার জগৎ থেকে বেড়িয়ে আসবে পাকিস্তান। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তানকে আমেরিকার প্রয়োজন থাকলেও, ভারত কোনওদিন তার বিকল্প হবে না। ভারতের গুরুত্ব আলাদা রয়েছে ওয়াশিংটনের কাছে। তবে শুধুই পাকিস্তানকেই নয়, আমেরিকার প্রকাশিত ভারতের বাণিজ্যিক ম্যাপ চিন্তা বাড়িয়েছে চীনেরও! আকসাই চীন রয়েছে ভারতের অংশ হিসেবে। যাকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। আমেরিকার বিদেশ দপ্তর ভারতের যে মানচিত্র আগে প্রকাশ করেছিল, সেই নিয়ে আপত্তি জানিয়ে বার্তা দিয়েছিল নয়াদিল্লি। সেই মানচিত্রে ভারতের সীমা ভুলভাবে আঁকা ছিল বলেও জানিয়েছিল ভারত। এ বার সেই আপত্তিকেই গুরুত্ব দিয়ে দেখেছে আমেরিকা। 
  • Link to this news (বর্তমান)