• ভোটার স্লিপের আড়ালে আর রাজনৈতিক প্রচার নয়! বাধ্যতামূলক নির্বাচন কমিশনের লোগো...
    ২৪ ঘন্টা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অর্কদীপ্ত মুখোপাধ্যায়: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার ভোটার স্লিপ বিলি নিয়ে কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। ভোটদানের আগে ভোটারদের হাতে যে স্লিপ পৌঁছায়, তাতে এতদিন রাজনৈতিক দলগুলির নিজস্ব প্রতীক লক্ষ করা যেত। দলের প্রতীকী স্লিপের আড়ালে চলত পরোক্ষ প্রচার। এবার সেই প্রথায় দাঁড়ি টেনে দিল কমিশন।

    নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ভোটার স্লিপে শুধুমাত্র নির্বাচন কমিশনের নিজস্ব লোগো ব্যবহার করা বাধ্যতামূলক। কোনো রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। কমিশনের মতে, ভোটার স্লিপের মূল উদ্দেশ্য ভোটারকে তাঁর ভোটকেন্দ্র এবং ক্রমিক সংখ্যা সম্পর্কে অবগত করা, প্রচার চালানো নয়।

    কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, প্রতিটি ভোটার স্লিপে নির্দিষ্ট কিছু তথ্য থাকা আবশ্যিক। সেগুলি হলো-

    সংশ্লিষ্ট ভোটারের নাম।


    ভোটার কার্ডের এপিক নম্বর


    পার্ট নম্বর।


    নির্দিষ্ট বুথ নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা

    বন্ধ হবে কি 'পার্টি স্লিপ'?

    ভোটের আগে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হত ভোটের দিন সকাল থেকেই বুথের বাইরে রাজনৈতিক দলগুলির স্টল থেকে স্লিপ বিলি করার যে চিরাচরিত দৃশ্য দেখা যায়, এই নির্দেশের ফলে তার রাশ টানতে চাইছে কমিশন। কোনো রাজনৈতিক দল যদি নিজস্ব লোগো দিয়ে স্লিপ বিলি করে, তবে তা নির্বাচনী বিধিভঙ্গ হিসেবে গণ্য করা হবে। প্রশাসনের পক্ষ থেকেই বাড়ি বাড়ি সরকারি কিউআর কোড যুক্ত ভোটার স্লিপ পৌঁছে দেওয়ার কাজ ত্বরান্বিত করা হচ্ছে। কমিশনের এই পদক্ষেপে ভোটারদের বিভ্রান্তি কমবে এবং নিরপেক্ষতা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

     

  • Link to this news (২৪ ঘন্টা)