• ৩০ বছরের পুরানো মামলায় মধ্যরাতে গ্রেপ্তার পাপ্পু যাদব, কণ্ঠরোধের চেষ্টা, সরব রাহুল ও প্রিয়াঙ্কা
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • পাটনা: তিন দশকের পুরনো মামলায় গ্রেপ্তার পূর্নিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব। শুক্রবার মধ্যরাতে পাটনার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। এই ঘটনা ঘিরে জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পাটনার হস্টেলে নিট পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ নিয়ে সরব হওয়াতেই বিজেপি-জেডিইউ সরকার পাপ্পু যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নিল বলে দাবি কংগ্রেসের। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, এই পদক্ষেপ আসলে কণ্ঠরোধের চেষ্টা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

     জানা গিয়েছে, গ্রেপ্তারির পরেই শারীরিক পরিস্থিতির অবনতি হয় সাংসদের। যার জেরে তাঁকে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভরতি করা হয়। ১৯৯৫ সালে একটি জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সাংসদ রাজীব রঞ্জন তথা পাপ্পু যাদবের। সেই মামলায় হাজিরা এড়ানোয় জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। শুক্রবার রাতে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয় পাটনায় পাপ্পুর বাসভবনের সামনে। পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করেন সাংসদ। পুলিশকে শনিবার সকালে আসতে বলেন তিনি। এরই মধ্যে পাপ্পুর বাড়ির বাইরে জমায়েত হন তাঁর অনুগামীরা। প্রাণহানির আশঙ্কা করে পাপ্পু দাবি করেন, তাঁকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হোক। তিনি বলেন, ‘আমায় মেরে ফেলা হতে পারে। আমি থানায় যাব না। সরাসরি আদালতে নিয়ে যাওয়া হোক। পুলিশ দুষ্কৃতীদের মতো সাধারণ পোশাকে আমার বাড়িতে এসেছে। প্রথমে মনে করেছিলাম, আমায় কেউ খুন করতে এসেছে।’ শেষ পর্যন্ত রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়। পাপ্পু যাদবের গ্রেপ্তারির তীব্র নিন্দা করেছেন রাহুল বলেছেন, পাটনার হস্টেলে নিট পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সরব হওয়াতেই গ্রেপ্তার করা হয়েছে সাংসদকে। তিনি বলেছেন, ‘পাপ্পু যাদব পাটনায় নিট পরীক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবি তুলেছিলেন। এজন্য তাঁর কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে।’ একইসুরে প্রিয়াঙ্কার অভিযোগ, নিট পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের ঘটনা খুবই ভয়াবহ। আর তারপর এই ঘটনায় সরকারের ভূমিকা প্রতি পদে সন্দেহ তৈরি করেছে। হাতরাস, উন্নাও ও অঙ্কিতা ভাণ্ডারি খুনের প্রসঙ্গ তুলে ওয়েনাড়ের সাংসদ পাপ্পু যাদবের পাশে দাঁড়িয়েছেন। তাঁর প্রশ্ন,  পাটনায় ছাত্রীর মৃত্যুর ঘটনায় কাদের আড়াল করা হচ্ছে?
  • Link to this news (বর্তমান)